ত্রিস্তর পঞ্চায়েত ভোট ঘোষণার পরেই সোমবার প্রথম দিনেই মনোনয়ন পত্র জমা করলেন কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে এপ্রিলের ২ তারিখ থেকে মনোনয়ন পত্র তোলা ও জমা দেওয়ার কাজ। এদিনেই মালদহের চাঁচল মহকুমা শাসকের দফতরে মনোনয়ন পত্র পেশ করলেন কংগ্রেসের মনোনীত প্রার্থীরা।
জানা যায়, সোমবার দুপুরে হরিশ্চন্দ্রপুরের ১নং ব্লকের ৯নং জেলা পরিষদের কংগ্রেস মনোনীত প্রার্থী রবিউল ইসলাম মনোনয়ন পত্র জমা করেন। এদিন হরিশ্চন্দ্রপুরের কংগ্রেস বিধায়ক মোস্তাক আলামকে সাথে নিয়ে চাঁচল মহকুমা শাসকের দফতরে মনোনয়ন পত্র জমা করেন কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম। মনোনয়ন পত্র তোলা ও জমাকে কেন্দ্র করে প্রথম দিন থেকেই কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।